বগুড়া দুপচাঁচিয়ার সাবেক স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: শামছুন্নাহারের বিরুদ্ধে পূনরায় তদন্ত শুরু
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামছুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর্মকর্তা কর্মচারীদের সাথে অসৎ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পূনরায় তদন্ত শুরু হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: রোজী আরা খাতুনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম রাজশাহী মেডিকেল অফিসার এমএসডি ডা; রুমানা জামান ও রাজশাহী ডেপুটি সিভিল সার্জন ডা; মোসা: মাহবুবা খাতুন সরজমিনে এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছেন।
এদিন তদন্ত টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেহেদী হাসানসহ সকল মেডিকেল অফিসার,নার্স, কর্মরত সকল কর্মচারীদের কাছ থেকে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য গ্রহণ করেন।
এ সময় উপজেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্তমানে নীলফামারী সৈয়দপুর উপজেলার ডা: শামছুন্নাহারের বিরুদ্ধে গুরুত্বপূর্ন নথি, বিল ভাউচার, ক্যাশবুক নিজ বাস ভবনে সংরক্ষণ, অফিসে আগমন না করা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রাউন্ড প্রদান করা থেকে বিরত থাকা, অধিকাংশ কর্মকর্তা কর্মচারী বিরক্ত প্রকাশ করা ও সরকারি গাড়ি তার পরিবারের সদস্যদের ব্যবহারসহ বিভিন্ন অভিযোগের লিখিত বক্তব্য গ্রহন করেন।
এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ডা: রোজী আরা খাতুন জানান, তদন্ত কমিটি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, নার্সসহ কর্মাচারীদের লিখিত বক্তব্য গ্রহণ করেছেন। তদন্তটি এখন চলমান। তদন্ত স্বার্থে কোনো কিছু প্রকাশ করতে অপারগতা প্রকাশ করে জানান, অভিযুক্ত উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামছুন্নাহারকে তদন্ত টিমের কাছে উপস্থিত হওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছিল।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন। পরবর্তীতে তাকে তদন্ত টিম যে স্থানে উপস্থিত হওয়ার জন্য জানাবেন সেখানে উপস্থিত হয়ে তার মতামত প্রকাশ করার কথা জানিয়েছেন। তার মতামত গ্রহন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য দুপচাঁচিয়া উপজেলা অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে উপজেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্তমান নীলফামারী সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ ও সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। আন্দোলনের মুখে অবশেষে গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে রংপুর মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164410