ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে: রাশিয়া
ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের 'শোচনীয় পরাজয়' ঘটেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা। গতকাল এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ঝাখারোভা বলেন, 'ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শোচনীয় পরাজয় ঘটেছে। আমাদের দেশ যুদ্ধের শুরু থেকেই আহ্বান জানিয়েছিল যে, আগ্রাসী হামলা থামানো জরুরি। কারণ, এই পরিস্থিতির সমাধান সামরিক পদ্ধতিতে নয়, বরং কূটনৈতিক প্রয়াসে নিহিত।'
গত ২৮ তারিখ তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর গত ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইসরাইলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, ইরানে আর হামলা পরিচালনা করবে না ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সবুজ সংকেত দেওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ঝাখারোভার সঙ্গে যোগাযোগ করে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক রেডিও।
তিনি আরও বলেন, 'অবিলম্বে একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি শুরু করা প্রয়োজন, যা বিভিন্ন পক্ষের অবস্থান বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করবে।'
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164398