বগুড়ার নন্দীগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাগর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে নন্দীগ্রাম পৌরসভার রহমান নগর এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাগর নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ভূঁইয়া মাসিন্দা গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগর ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে প্রায় এক মাস আগে চাকরি ছেড়ে তিনি নন্দীগ্রামে এসে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। এর কিছুদিন পর পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হলে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এরপর সাগর বাসায় একাই থাকতেন। গত মঙ্গলবার বিকেলে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও এরপর থেকে তার আর কোনো সাড়া পাওয়া যায়নি।
আজ বুধবার (৮ এপ্রিল) সকালে বাসার ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তার বাবাকে খবর দেন। পরে তার বাবা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাগরের মরদেহ দেখতে পান। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, সাগর নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164376