জামালপুরে জাল টাকার কারখানায় অভিযান, আটক ১
পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা চক্রসহ বিভিন্ন প্রতারক গোষ্ঠী। তেমনি একটি জাল টাকার কারখানার তথ্য প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুধু তাই নয়, এ ঘটনার সঙ্গে জড়িত জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মুর্শিদুল হক (৩৩) নামে একজনকে জাল টাকা এবং জাল টাকা বানানোর সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে জামালপুরের বেলটিয়ায় র্যাব-১৪-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, অপরাধ নির্মূলে র্যাব-১৪ তার দায়িত্বপূর্ণ এলাকায় আপসহীন কাজ করে যাচ্ছে। একইসঙ্গে ঈদ উল আজহাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে টাকা জালিয়াতির চক্রসহ বিভিন্ন প্রতারক চক্র। তাদের শনাক্ত করতে গোয়েন্দা টিম একাধারে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায় একটি সাততলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন র্যাব-১৪-এর সদস্যরা।
পরে সেখান থেকে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মো. মুর্শিদুল হককে (৩৩) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুর্শিদুল জাল টাকা তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই বাসা থেকে ৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার ক্যাবল ও ১টি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মুর্শিদুল হক শেরপুরের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। সে আসল ৩০ হাজার টাকার বিপরীতে জাল ১ লাখ টাকা সরবরাহ করত।
তিনি আরও জানান, জাল টাকা চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক মুর্শিদুল হককে আলামতসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164357