নিঃশর্ত ক্ষমা চাইলেন বাদশা
র্যাপার বাদশা যেন সবসময়ই বিতর্কে থাকেন। এবার নিজের গানের কথার কারণে আইনি সমস্যায় পড়েছেন তিনি। সাম্প্রতিক তার গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাদশা।
কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি প্রকাশের পর থেকেই কুরুচিপূর্ণ শব্দ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।
শুনানির সময় তিনি শুধু ক্ষমাই চাননি, নিজের ভুল সংশোধনের জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতিও দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি বিশেষ গান তৈরি করবেন বাদশা। শুধু তাই নয় অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার খরচ ও দায়িত্ব নেয়ার কথা বলেছেন তিনি। এছাড়া নারীদের জন্য কাজ করা সংস্থাগুলোর জন্য কনসার্ট বা অন্যভাবে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন।
বিতর্কিত গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে সমস্যা এখানেই শেষ নয়। গানটির মাধ্যমে নারীদের অবমাননার অভিযোগে হরিয়ানায় তার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
ভারতের ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী প্রমাণিত হলে তাকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে।