নববর্ষ ঘিরে ব্যস্ত ঢাবির চারুকলা, প্রস্তুত হচ্ছে পাঁচ মোটিফ

নববর্ষ ঘিরে ব্যস্ত ঢাবির চারুকলা, প্রস্তুত হচ্ছে পাঁচ মোটিফ

ঢাবি প্রতিনিধি: বাংলা নববর্ষকে ঘিরে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আর মাত্র কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। দেশের সবচেয়ে বর্ণিল বর্ষবরণ আয়োজন, চারুকলার বৈশাখী শোভাযাত্রা। এ আয়োজনকে কেন্দ্র করে এখন চারুকলা প্রাঙ্গণে বইছে সৃষ্টির উৎসব।

বুধবার (৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, চারুকলা অনুষদের প্রতিটি কোণ যেন রঙ, কল্পনা আর সৃজনশীলতায় মুখর। শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন শোভাযাত্রার জন্য বিভিন্ন শৈল্পিক মোটিফ নির্মাণে। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে তৈরি হচ্ছে পাঁচটি দৃষ্টিনন্দন মোটিফ।

এ পর্যন্ত নির্মাণকাজে দৃশ্যমান হয়েছে মোরগ, হাতি ও ‘সুখের পায়রা’। পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী টেপা পুতুল। চলমান সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে বাউলদের ওপর হামলার প্রতিবাদে নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘একতারা’—যা এবারের শোভাযাত্রায় একটি বিশেষ বার্তা বহন করবে। এবারের আয়োজনের দায়িত্ব পেয়েছে চারুকলা অনুষদের ৭১তম ব্যাচ। তাদের সঙ্গে কাজ করছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে চলছে এই মহাযজ্ঞ।

প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকবে রঙের উচ্ছ্বাস। শিক্ষার্থীদের হাতে তৈরি হচ্ছে নানা বর্ণের সরা, মুখোশ ও অন্যান্য শৈল্পিক উপকরণ, যা উৎসবে যোগ করবে বাড়তি মাত্রা।

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উদযাপিত হবে এবারের বৈশাখবরণ। একইসঙ্গে সারা দেশেই আয়োজনটির নাম থাকবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164332