জয়পুরহাটে এক মাসে ১৯৩ অভিযান ৭১ মামলায় গ্রেফতার ৬৯

জয়পুরহাটে এক মাসে ১৯৩ অভিযান ৭১ মামলায় গ্রেফতার ৬৯

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে গত একমাসে ১৯৩টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব অভিযানে ৭১টি মামলা দায়েরসহ ৬৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও ৫ জন আসামি পালিয়ে যায়। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের স্বাক্ষরিত এক তথ্য বিবরণীর মাধ্যমে এসব পরিসংখ্যান নিশ্চিত করা হয়।

তথ্য বিবরণীতে জানানো হয়, গত মার্চ মাসে জেলাজুড়ে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ৭৮২ পিস ট্যাপেন্টাডল, ৯৩ দশমিক ৯৯ গ্রাম হেরোইন, ১ হাজার এ্যাম্পুল ইনজেকশন, ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২৮ লিটার চোলাই মদ এবং ৪ পিস ইয়াবা। এছাড়া ২ হাজার ২৫০ টাকা ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এছাড়া মাদক প্রতিরোধে মাসজুড়ে সচেতনতামূলক কার্যক্রমও চালিয়েছে সংস্থাটি। এরমধ্যে ৩৩টি পথসভা, ২৭টি মাদকবিরোধী বক্তব্য প্রদান, ৩টি সেমিনার ও গণসচেতনতা বৃদ্ধিতে ৪ হাজার ৮শ’ টি লিফলেট বিতরণ করা হয়। এদিকে, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে জেলার ৯টি নিরাময় কেন্দ্রে চিকিৎসাসেবা চলমান রয়েছে।

গত মাসের অবশিষ্ট ১৩৬ জন রোগীর সাথে নতুন করে ৫৯ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ৫০ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৪৫ জন। এছাড়াও ৯১ জন ফলোআপ রোগী এবং ১০২ জনকে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের পাশাপাশি আমরা ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। নিরাময় কেন্দ্রগুলোতে রোগীরা যেন যথাযথ সেবা পায়, সে বিষয়েও মনিটরিং করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164250