চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এ্যাপসের মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আগামীকাল বুধবার থেকে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে ট্যাগ অফিসারদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলার সকল পেট্রোল পাম্প মালিক, সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির পদ্ধতি, ব্যবহারকারীদের নিবন্ধন প্রক্রিয়া, সরবরাহ ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় শুধুমাত্র বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকরা অ্যাপসের মাধ্যমে তেল ক্রয় করতে পারবেন বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভায় জানান, অ্যাপসের মাধ্যমে তেল বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ গ্রাহকরা নির্ধারিত নিয়মে সহজে ও স্বচ্ছভাবে তেল ক্রয় করতে পারবেন। তিনি আরও জানান, অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেল চালকরা জেলার যেকোনো পাম্পে ৫ দিনের জন্য ৫০০ টাকার তেল পাবেন।
পাম্প মালিকরা জানান, প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন এবং অ্যাপস ব্যবহারে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164249