পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা হাট-বাজারগুলোতে সরকারি মূল্যের তোয়াক্কা না করে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। সিলিন্ডার প্রতি ২শ’ থেকে ৪শ’ টাকা পর্যন্ত বাড়তি দাম আদায় করছেন বিক্রেতারা। আর হঠাৎ দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে।
এর আগে, গত ২ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে দেয়। যা মার্চ মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা। কিন্তু দাম বাড়ার অজুহাতে পঞ্চগড়ের আটোয়ারীতে খুচরা বাজারে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২শ’ টাকায়।
গতকাল সোমবারর উপজেলার বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, বেশিরভাগ সিলিন্ডার ব্যবসায়ীর নেই কোনো বৈধ কাগজপত্র। চলছে শুধু ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত ট্রেড লাইসেন্স দিয়ে। বিক্রেতারা জানান, ডিলাররা সরকারি রেটে সিলিন্ডার দিলে আমরাও ন্যায্যমূল্যে বিক্রি করতে পারব। এছাড়াও পরিবহন খরচ আর অতিরিক্ত কমিশন যোগ করলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।
ক্ষোভ প্রকাশ করে একজন ক্রেতা বলেন, বিভিন্ন মাধ্যমে সরকারি মূল্য দেখি একরকম, আর দোকানে গেলে শুনতে হয় আরেকরকম। ভোক্তা অধিকারের উচিত আটোয়ারীতে নিয়মিত অভিযান পরিচালনা করা। তাদের এমন উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যয়বসায়ী সাধারণ ক্রেতার পকেট কাটছে।
এ ব্যাপারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এসিস্ট্যান্ট ডিরেক্টর (অ.দা.) মাসুমউদৌলাহ বলেন, আমি ঠাকুররগাঁও ও পঞ্চগড় জেলার দুই জায়গায় দায়িত্বে রয়েছি। তাই সব জায়গায় অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শিগগিরই বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেওয়ার বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164245