ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘দারগাপীরের কবর’ ঘিরে রহস্য ও লোকবিশ্বাস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘দারগাপীরের কবর’ ঘিরে রহস্য ও লোকবিশ্বাস

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শিয়ালগাজী কবরস্থান স্থানীয়দের কাছে এক রহস্যময় ও আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত। এখানে অবস্থিত ‘দারগা পীরের কবর’ ঘিরে দীর্ঘদিন নানা লোককথা ও বিশ্বাস প্রচলিত রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কবরটি প্রায় ৭০ হাত লম্বা, যা সাধারণ কবরের তুলনায় অস্বাভাবিক বড়। কবরটি লাল শালু কাপড়ে মোড়ানো, যা এর ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক পথচারী এখানে সালাম দিয়ে রাস্তা পারাপার করেন।

স্থানীয় বাসিন্দা মুনছুর আলী বলেন, বহু বছর এই কবরকে ঘিরে অলৌকিক নানা কাহিনী শোনা যায়। অনেকেই এখানে এসে মানত করেন এবং তা পূরণ হয়েছে বলে দাবি করেন। তার ভাষ্য, পীরের সেবা করলে অনেক কিছু পাওয়া যায়। পাশের পুকুরে মাছও মেলে, না করলে পাওয়া যায় না।

গোগর বাজারের হানিফা জানান, কবরস্থানটিতে নিয়মিত মিলাদ, দোয়া ও ফাতেহা পাঠের আয়োজন করা হয়। বিশেষ কিছু দিনে দূর-দূরান্ত থেকে মানুষ এসে এখানে ইবাদত করেন। কেউ কেউ রান্নাবান্না করে খাওয়া-দাওয়াও করেন।

স্থানটিতে এক ধরণের নীরব ও আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এমন ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলো সংরক্ষণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে। শিয়ালগাজীর এ ‘দারগাপীরের কবর’ শুধু একটি সমাধি নয়, এটি মানুষের বিশ্বাস, আস্থা ও গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। লিখিত ইতিহাস না থাকলেও মানুষের মনে এই স্থানটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164235