কয়রায় জেলে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে শাকবাড়িয়া নদীর মাঝখানে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে একটি জেলে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় উপেন মৃধা (৫০), পিতা মৃত শুধির মৃধা এবং মুকেন্দ মন্ডল (৪২), পিতা মৃত ধোনা মন্ডল এখনো নিখোঁজ হয়েছেন। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫), পিতা পরিতোষ রায়, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে,দুপুরে একটি জেলে নৌকায় ৩ জন শাকবাড়িয়া নদীতে মাছ ধরতে ছিল, হঠাৎ ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা এক জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।বাকি দুইজন তীব্র স্রোতে তলিয়ে যায়। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, নৌকাডুবির পর স্রোতের কারণে নিখোঁজ জেলেরা ভেসে যেতে পারে ৷