ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩

ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৩

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আজ ‎মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে জিম নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়।

‎এ ঘটনায় নিহতরা হলেন- উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান (১৮) ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামের মোস্তফা কামালের মাহমুদ হাসান জিম (১৭)সহ আরো দু’জন। বাকিদের পরিচয় জানা যায়নি।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকটি বৈরাটি মাদরাসা পার হয়ে ধীতপুর গ্রামীণ সড়কের দিকে মোড় নেয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজনের মধ্যে জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া ইজিবাইক থেকে ছিটকে পড়া হাজির উদ্দিন নামে এক যাত্রী নিহত হন। জিম নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও ইজিবাইকের আরো দুই যাত্রী আহত হন।

‎এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164215