চট্টগ্রামের বহিঃনোঙর থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন আটক
চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ চারজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে ৫৫০ বস্তা সিমেন্ট স্থানান্তরের সময় চারজনকে আটক করা হয়। সিমেন্টের বস্তাগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
জব্দকৃত সিমেন্ট, ফিশিং ও কার্গো বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164209