টেকনাফে ২৩ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে ২৩ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক ডিঙ্গি নৌকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকনাফ থানার অন্তর্গত বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দিলে নৌকায় থাকা এক জেলে পানিতে লাফিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

জব্দকৃত ইয়াবা ও ডিঙ্গি নৌকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164203