ধুরন্ধর দেখে মুগ্ধ হয়ে যা বললেন কোহলি
ক্রিকেট মাঠের উত্তেজনা ছেড়ে এবার সিনেমার পর্দায় মজেছেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং মহাতারকা সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা 'ধুরন্ধর, দ্য রিভেঞ্জ' দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিরাটের এই রিভিউ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে কোহলি সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। প্রায় চার ঘণ্টার এই দীর্ঘ সিনেমাটি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছন্ন করে রেখেছিল বলে জানান তিনি।
কোহলি লেখেন, আজ সিনেমাটি দেখলাম এবং আমি সাহস করে বলতে পারি যে, ভারতে এর আগে কখনো এমন সিনেমাটিক অভিজ্ঞতা হয়নি। এটি আমার ভেতরের সমস্ত আবেগকে নাড়িয়ে দিয়েছে এবং চার ঘণ্টা আমি এক মুহূর্তের জন্যও পলক ফেলতে পারিনি।
পরিচালক আদিত্য ধরের মেধা ও দূরদর্শিতার প্রশংসা করে কোহলি তাকে একজন 'জিনিয়াস' হিসেবে অভিহিত করেন। তবে বিরাটের বিশেষ নজর কেড়েছেন রণবীর সিং।
কোহলি জানান, এই সিনেমার মাধ্যমে রণবীর অভিনেতা হিসেবে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। রণবীরকে উদ্দেশ্য করে তিনি লেখেন, সবাই নিজ নিজ জায়গায় দুর্দান্ত কাজ করেছেন, তবে রণবীর সিং, এই সিনেমার পর তুমি নিজেকে অন্য এক স্তরে নিয়ে গেছ। তোমার অভিনয় ছিল অসামান্য।
বিরাটের এমন প্রশংসায় আপ্লুত পরিচালক আদিত্য ধরও। কোহলির পোস্টটি শেয়ার করে তিনি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদিত্য জানান, কোহলির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ক্যারিয়ার থেকেই তিনি তার ভক্ত।
দেশের জন্য কোহলির নিবেদন তাকে অনুপ্রাণিত করে উল্লেখ করে আদিত্য বলেন, বিরাট, তোমার এই প্রশংসা আমার কাছে অনেক বড় কিছু। আমরাও আমাদের সিনেমার মাধ্যমে দেশবাসীকে গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব।
উল্লেখ্য, বক্স অফিসেও দাপট দেখাচ্ছে 'ধুরন্ধর'। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম কিস্তিটি ১৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল। তবে গত ১৯ মার্চ মুক্তি পাওয়া সিক্যুয়েল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র ১৪৫ কোটি রুপিতে যাত্রা শুরু করা সিনেমাটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১৬০০ কোটি রুপিরও বেশি আয় করে নিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164180