বর্তমান সরকারেরও কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

বর্তমান সরকারেরও কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তা খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (০৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দুদক এখনও পুনর্গঠিত হয়নি। পুনর্গঠন সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হবে।

তিনি বলেন, শুধু আগের সরকারের দুর্নীতি নয়, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম থাকলে সেটিও খতিয়ে দেখা হবে। দুর্নীতির পথ বন্ধ করতেই সরকার এ উদ্যোগ নিচ্ছে এবং একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে।

সরকারের সমালোচনার অভিযোগে এক নারীকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা অস্থিরতা তৈরির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে। তবে শুধুমাত্র মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।

সরকারি সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না— এমন অভিযোগ স্বীকার করে তিনি জানান, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দোকান বন্ধের সময় পরিবর্তন বা অফিস সময় কমানোর বিষয়ে বিভ্রান্তির প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164175