বগুড়ায় যুবক খুন : আসামির স্বজনদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় রবিন (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়ার মিরাজের ছেলে।
পরে হত্যার ঘটনার জের হিসাবে আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় আসামি ও তাদের স্বজনদের কয়েকটি বাড়িতে হামলা-ভাঙ্চুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, আতাফল পাড়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সাথে বিরোধ চলছিল রবিনের।
এই বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়ার বানিয়াপাড়া এলাকায় রবিনকে ডেকে নিয়ে গিয়ে হকিস্টক দিয়ে পেটানোর এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা তাকে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিনের বাড়ি উত্তর চেলোপাড়া হলেও ফুলবাড়ী দক্ষিণপাড়াতেও তিনি বসবাস করতেন।
এদিকে, এ হত্যাকান্ডের জের ধরে নিহত রবিনের পক্ষের লোকজন আসামি ও তাদের আত্মীয় স্বজনদের বাড়ি অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙ্চুর করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: রাজু হোসেন পাইকাড় জানান, আজ সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪ টার দিকে শহরের উত্তর চেলোপাড়া হতে ৫০-৬০ যুবক লাঠিসোটা ও বিভিন্ন ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় (নামপাড়া) ঢুকে পড়ে।
এ সময় তারা আসামি ও তাদের আত্মীয়-স্বজনের বাড়িঘরে হামলা চালায় ও ৩টি বাড়িতে অগ্নিসংযোগ করে। হামলাকারীরা এলাকার শহিদুল ইসলাম সুইট,জাহেদ ও ডলারের বাড়িতে অগ্নিসংযোগ করে। সেইসাথে ২০-২৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করে।
তারা রিকশা গ্যারেজে হামলা করে রিকশার ব্যাটারি পর্যন্ত লুট করে। এরপর স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরাও ছুটে আসে। পরে অতিরিক্ত পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অপরদিকে এর আগে বিকেলে শহরের উত্তর চেলোপাড়ায় আসামির স্বজনদের একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় পুলিশ হামলাকারীদের ধাওয়া করলে তারা করতোয়া নদী পার হয়ে ফুলবাড়ী দক্ষিণপাড়ায় গিয়ে তান্ডব চালায়। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164076