চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মো. আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আকরাম পূর্ব লাড়ুয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন এলাকায় আকরাম হোসেনসহ একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে সড়কের পাশের একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী অচেতন হয়ে পড়লে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসেন এবং অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সুস্থ হওয়ার পর ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযানে নামে। ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি আকরাম হোসেনকে গ্রেপ্তার করে সোমবার (৬ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।