জয়পুরহাটে দুটি পাকা রাস্তা উদ্বোধন

জয়পুরহাটে দুটি পাকা রাস্তা উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দুটি পাকা রাস্তা ও মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে এগুলো উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা ও সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় ২০ লাখ টাকা ব্যয়ে এ দুটি রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করা হয়।

পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের ৫ লাখ টাকা ব্যয়ে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাকে আধুনিকায়ন করা হচ্ছে। দুটি পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164065