হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক : ইরান ‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
তেহরান মনে করে, স্থায়ী যুদ্ধবিরতির জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি নেই। খবর আল জাজিরা’র। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে।
তবে তিনি আরও বলেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপের কাছে নতিস্বীকার করে না।
এর আগে, রোববার (৫ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী আর কখনও আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।
বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।