কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালক নিহত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় দ্বিতীয় ধরলা সেতুর পশ্চিম প্রান্তে। নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (২৪)। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
নিহত আমিনুলের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলি চালক আতাউর। ট্রলিটি দ্বিতীয় ধরলা সেতু পাড় হয়ে কিছুদূর গেলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আতাউর রহমান।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/164030