পাঁচ ম্যাচ হাতে রেখেই ডাচ লিগের শিরোপা ঘরে তুললো পিএসভি
স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো ডাচ লিগ এরেডিভিসির চ্যাম্পিয়ন হয়েছে পিএসভি আইন্দহোভেন। গতকাল রোববার শিরোপার দৌঁড়ে পয়েন্টস টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেইনুর্দ ম্যাচ ড্র করেছে ভোলেনডামের বিপক্ষে তাদেরই মাঠে। আর তাতেই শিরোপা নিশ্চিত হয় পিএসভির।
গোলশূন্য ড্রয়ের ফলে ফেইনুর্দ ২৯ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ৫৪। একদিন আগে এফসি উত্রেখটের বিপক্ষে ৪-৩ গোলে জিতে ৭১ পয়েন্টে পৌঁছে পিএসভি। ফলে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ১৭ পয়েন্টের অপ্রতিদ্বন্দ্বী লিড পায় তারা। এই জয়ের পর আইন্দহোভেন শহরে উল্লাস ও উদযাপন শুরু হয়ে যায় তাৎক্ষণিক। সমর্থকরা অপেক্ষায় ছিলেন ফেইনুর্দের হোঁচট খাওয়ার। গোল ব্যবধানেও পিএসভি (+৪২) অনেক এগিয়ে ছিল ফেইনুর্দের (+২১) চেয়ে, যা শিরোপা জয়ের পথ আরও সহজ করে দেয়।
ক্লাব ইতিহাসে এটি তৃতীয়বারের মতো টানা তিন শিরোপা জয়। এর আগে তারা ১৯৮৬-৮৯ ও ২০০৫-০৮ সময়ে টানা চারবার করে চ্যাম্পিয়ন হয়েছিল। সবমিলিয়ে পিএসভি’র লিগ শিরোপা এখন ২৭টি, যেখানে আয়াক্স-এর আছে ৩৬টি। আগামী মৌসুমে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে পিএসভি। রানার-আপ দলও সরাসরি গ্রুপ পর্বে এবং তৃতীয় স্থানের দল খেলবে বাছাই পর্বে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163970