ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা ধ্বংসস্তূপে পরিণত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এরই মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন। দফায় দফায় ইরানের হামলা, ধ্বংসস্তূপে অবিস্ফোরিত অংশ এবং হামলার সতর্কতামূলক সাইরেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের হাইফা শহরে ইরানি হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানোর সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে। এর আগে ওই হামলার পর চারজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গিয়েছিল। তাদের খোঁজে এখনও তল্লাশি চলছে। রোববার সন্ধ্যায় এই হামলা ঘটে এবং উদ্ধারকর্মীরা সারারাত ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে অভিযান চালান। উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হচ্ছে হাইফা। এটি পরিবহন ও শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, পাশাপাশি এখানেই ইসরায়েলের তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।
এই কারণে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি এই শহরটি বারবার ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া লেবাননের সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি হিজবুল্লাহর রকেটের আওতাতেও রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলাটি একটি বড় আকারের ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় এবং সেটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়। এখন ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে অবিস্ফোরিত ওয়ারহেডের অংশ রয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আর এই কারণে উদ্ধার অভিযানে ইসরায়েলের জাতীয় বিশেষ উদ্ধার ইউনিটও যুক্ত হয়েছে।
আল জাজিরা বলছে, হামলার সময় ইরানি ক্ষেপণাস্ত্রটি ভবনের নিচের অংশে আঘাত করে, যার ফলে উপরের অ্যাপার্টমেন্ট ধসে পড়ে। নিখোঁজ চারজন ওই ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টগুলোর একটিতে অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইরান তিন দফায় ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ছিল বিভাজিত ওয়ারহেডযুক্ত। এই হামলার ফলে মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাতে বলা হয়েছে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ৯০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছে। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইফা শহরে ১০টির বেশি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। চ্যানেল ১২ প্রকাশিত ভিডিও ও ছবিতে ভবন ও সড়কে ক্ষয়ক্ষতির চিত্র এবং একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। তবে এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163969