নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষ্ণপদ আর্চয্য (৭৩) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭), এবং মাহিদুল শেখ (৩৫) এর বিরুদ্ধে।

গতকাল রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্য উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আর্চয্যে ছেলে এবং অভিযুক্তরা একই গ্রামের আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন ওলিয়ার রহমানের ছেলে ও মাহিদুল শেখ ফজর শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার উপর অতর্কিত হামলা করে তাকে মাথায় হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বীর মুক্তিযোদ্ধা বলেন, মনশা মন্দিরের জমি ও আমার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে মামলা চলছিল। এ মামলার জের ধরে কাল বাজার থেকে ফেরার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে ওরা। আমি ওদের বিরুদ্ধে মামলা করব এবং এর যথাযথ বিচার চাইব।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163965