রংপুরে ২৪ ঘণ্টায় হামের আরও ৭ রোগী শনাক্ত
রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের আট জেলায় হামের সংক্রমণ বাড়লেও কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্ত রোগীদের মধ্যে ৭জনের হাম ও ৪জনের রুবেলা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের ৭ জন রোগী শনাক্ত হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দিনাজপুরে ৩ জন ও পঞ্চগড়ে ৪ জন হামের উপসর্গ নিয়ে জেলা ও উপজেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও, গত ৩০ মার্চ থেকে আজ রোববার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় হামের উপসর্গ থাকা ৯৩ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
বর্তমানে বিভাগের আট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৩০ জন। এর মধ্যে লালমনিরহাটে তিনজন, দিনাজপুরে তিনজন, গাইবান্ধায় তিনজন, ঠাকুরগাঁওয়ে সাতজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আরও বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসে বিভাগের আট জেলায় মোট ১১৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ২৫ জন, গাইবান্ধায় ২১জন এবং রংপুর জেলায় ১৯জন রয়েছে।
এছাড়া নীলফামারীতে ১৬ জন, কুড়িগ্রামে ১২জন, পঞ্চগড়ে ১০জন, ঠাকুরগাঁওয়ে ৮জন এবং লালমনিরহাটে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭জনের হাম ও ৪জনের রুবেলা নিশ্চিত হওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের তিনটি ওয়ার্ডে ১২০ শয্যার বিপরীতে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
তবে সংক্রমণ এড়াতে শিশু বিভাগের পাশের একটি কক্ষকে হামের চিকিৎসার জন্য আইসোলেশন হাম কর্নার করা হয়েছে। রোগীর চাপ বাড়ায় আরেকটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, আসন অনুপাতে দ্বিগুণ রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের। তার ওপর হাম সংক্রামক ব্যাধি হওয়ায় আইসোলেশন প্রয়োজন হচ্ছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক আয়েশা সুলতানা বলেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের হাম কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তবে নতুন আরও রোগী ভর্তি হওয়ায় নতুন করে আরেকটি কক্ষ প্রস্তুত করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163924