আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, বিষয়টি এমন নয়: বিরোধী দলকে পার্থ

আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, বিষয়টি এমন নয়: বিরোধী দলকে পার্থ

সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের উদ্দেশে বলেছেন, জুলাই যোদ্ধাদের দাবির বিষয়ে সরকারকে আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। একই সঙ্গে সংবিধানের বাইরে গিয়ে কোনো ‘সংস্কার পরিষদ’ নয়, বরং সংবিধানের রীতিনীতি মেনেই প্রয়োজনীয় সংশোধন করতে হবে। তাছাড়া জুলাইয়ের টেন্ডার একমাত্র বিরোধী দলই নিয়েছে, বিষয়টি এমনও নয়।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনা এক মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, সংস্কার আর সংশোধনের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা চাই জুলাই সনদের বিষয়গুলো সংবিধানের ভেতর থেকেই আসুক এবং সাংবিধানিক রীতিনীতি মেনেই আসুক। কিন্তু এর বাইরে গিয়ে অন্য কিছুর পাঁয়তারা করা হচ্ছে। মনে হচ্ছে শব্দের মারপ্যাঁচ দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

বিরোধী দলের সমালোচনা করে পার্থ বলেন, আপনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, বিষয়টি এমন নয়। আমরা গণভোট মানি কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমাদের সংসদ নেতাও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলেছেন। ২১৭টি সিট নিয়ে আমরা এই সংসদে এসেছি আইন পরিবর্তন ও সংশোধনের জন্য। জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা সংবিধানের ভেতর থেকে পরিবর্তন করব বলেও তিনি বলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163921