বগুড়ার সারিয়াকান্দির দেলসাদ হত্যা মামলায় জামিন পেলেন না বাবাসহ দুই ছেলে
কোর্ট রিপোর্টার : সারিয়ারকান্দির চরাঞ্চলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দেলসাদ আলীকে (৬০) হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিন হাজতি আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির আজ রোববার (৫ এপ্রিল) ওই হাজতি আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। তারা হলো-সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুরের চাঁন মিয়া খান ওরফে চাঁন খান এবং তার দুই ছেলে জালাল খান ও টোকন খান।
উল্লেখ্য, সারিয়াকান্দি উপজেলার উত্তর শংকরপুরের মৃত সোলায়মান আলী খার ছেলে দেলসাদ আলীর সাথে জমিজমা নিয়ে ও মরিচের চারাগাছ চুরির ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত গত ১২ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে উত্তর শংকরপুরের জনৈক কাশেমের প্রাং এর পরিত্যক্ত ভিটার উপর আসামিরা বাঁশের লাঠি দিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে দেলসাদ আলীকে গুরুতর জখম করে।
আহত দেলসাদ আলী চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি ক্লিনিকে গত ১৩ নভেম্বর মারা যান। এ ব্যাপারে নিহত দেলসাদ আলীর স্ত্রী ফুলেরা বেগম আটজনসহ অজ্ঞাত পাঁচজন উল্লেখ করে সারিয়াকান্দি থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. এনামুল হক পান্না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163918