দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে : মিয়া গোলাম পরওয়ার

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে : মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার : জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যধাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সাথে প্রতারণা করছে।

তিনি আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের স্থানীয় এক মিলনায়তনে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে।

এই সনদকে আইনি ভিত্তি দিতে সবদলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিতরা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্যকে দু’টি শপথ গ্রহণের কথা।

কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সাথে প্রতারণা করছে।

জামায়াতের এই নেতা বলেন, প্রায় ৫ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপি’র নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যেসব সংষ্কার প্রয়োজন বিএনপি সেইসব সংষ্কার প্রস্তাব বাতিল করে মূলতঃ ফ্যসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীসহ ১১ দল জনআকাঙ্খা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

বগুড়ার উপ-নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বগুড়া প্রশাসনের উদ্দেশ্যে বলেন, সরকারি দলের প্রার্থীর লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকাকে আপনারা আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না। তিনি জনআকাঙ্খার ভিত্তিতে একটি সমৃদ্ধশালী বগুড়া গড়তে ৯ এপ্রিল দাঁড়িপাল্লায় ভোট দিতে বগুড়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জাগপা’র সিনিয়র সহসভাপতি ইঞ্জনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার।

অনুষ্ঠানে উপ-নির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন ইশতেহার প্রণয়ন কমিটির আহবায়ক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163906