বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি সংস্কার মানে না বলে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি সংস্কার চায় না বলে চারদিকে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিএনপি যে ‘জুলাই সনদ’ সই করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউসে ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইউনাইটেড ফোরাম অব চারচেস, বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতির জন্য রাজনীতি নয়, মানুষের জন্য রাজনীতি করতে চায় বিএনপি। তিনি আরও যোগ করেন, জুলাই সনদকে কেন্দ্র করে কিছুসংখ্যক মানুষ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের অবস্থার পরিবর্তন ঘটানোর কাজ শুরু করেছেন এবং সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

সংস্কারের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির বিরুদ্ধে সংস্কারবিমুখতার যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। জুলাই মাসের সনদে যে অঙ্গীকার করা হয়েছে, বিএনপি সরকার তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163903