জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৪

জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৪

জামালপুরে নির্মাণাধীন বাসায় চুরির ঘটনায় দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী থানা এলাকা ও জামালপুর সদর উপজেলার শাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- শেরপুরে কামারের চর এলাকার খাদেম আলীর ছেলে মো. ছামিদুল হক আশিক (২৬), জামালপুর সদর উপজেলার ফুলবাড়ীয়া এলাকার মিষ্টি মিয়ার ছেলে সবুজ হাসান (২১) ও মেয়ে মোছা. স্বপ্না (২২) এবং একই এলাকার মুনসুর আলীর মেয়ে সুমা আক্তার। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ও শনিবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসার নিচ তলার একটি রুম থেকে ওই চোর চক্রটি বৈদ্যুতিক মালামাল চুরি করে। যা পার্শ্ববর্তী বাসার সিসিটিভিতে ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। পরবর্তীতে ভাইরাল ফুটেজ বিশ্লেষণ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত আসামিদের শনাক্ত করে অভিযান পরিচালনা করে রোববার দুপুরে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে পাওয়া যায় ১৮ কেজি বিআরবি ব্যান্ডের বৈদ্যুতিক তার, ১০টি ইলেকট্রিক বোর্ড, ১টি সার্কিট ব্রেকার সেট ও ৩০টি সুইচ। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৩ হাজার ৮শ টাকা।

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ আমরা গুরুত্বসহকারে বিশ্লেষণ করেছি। প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জামালপুর জেলা পুলিশ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার আমাদের এ ধরনের অভিযানে আরও সফল করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163900