কক্সবাজারে নকল বিদেশি মদ ও সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজার পৌরশহরে এক ভাড়াবাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) সকালে সদর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোহন সেন (৪০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া এলাকার একটি ভবনে অভিযান চালানো হয়। সেখানে মোহন সেনের ভাড়া ফ্ল্যাট থেকে নকল বিদেশি মদ তৈরির কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ (প্রায় ৫৫ লিটার), ৭৬টি খালি বোতল, একটি ক্যাপ সিলিং মেশিন, একটি সিলার মেশিন, একটি হিট গান, বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৭২৫টি কর্ক, ৭৮০টি নকল স্টিকার, বারকোড স্টিকার, সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় একই আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।