গৌরনদীতে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

গৌরনদীতে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

বরিশালের গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লেগেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফিলিং স্টেশন।

আজ রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

তিনি জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোলবোঝাই একটি লরি তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত লরিটি ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার সময় ফিলিং স্টেশন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163866