বিসিবি’র ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয় : আসিফ ভূঁইয়া

বিসিবি’র ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয় : আসিফ ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক : সবশেষ বিসিবি’র নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি’র সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই কমিটির সদস্যরা। আজ রোববার এনএসসিতে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাতের জন্য ডাকা হলেও সাড়া দেননি তিনি। কেন সাড়া দেননি সেই ব্যাখ্যা দিলেন তিনি এক ফেসবুক পোস্টে।

পোস্টে তিনি লেখেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি:- প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবি’র ওপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’

সাবেক ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো। উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোনো সদুত্তর পাইনি। কীভাবে সরকার চালাতে হয়, কীভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’

প্রসঙ্গত, তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও নানা অনিয়মের অভিযোগে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশ বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। একইসঙ্গে তারা বয়কট করে আসছিল ঘরোয়া ক্রিকেট। যে কারণে এখনও বেশ কয়েকটি প্রতিযোগিতা মাঠে গড়ায়নি। জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর ক্রীড়া সংগঠকরা বিসিবি’র নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেন এনএসসি’র কাছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163829