‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ : সংস্কৃতিমন্ত্রী

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এখন থেকে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ : সংস্কৃতিমন্ত্রী

বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শোভাযাত্রার নামকরণ আর ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়; এর নতুন নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বাংলা নববর্ষ ১৪৩৩ এবং পাহাড়ি জনপদসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, আমরা সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত চাই না। আমাদের মূল লক্ষ্য বৈচিত্রের মাঝে ঐক্য। শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক চলে আসছিল, আমরা তার স্থায়ী সমাধান করতে চাই।

সংস্কৃতিমন্ত্রী জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এই আয়োজন ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই উদযাপিত হবে। এই নাম পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।  উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো ‘মঙ্গল শোভাযাত্রা’কে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163807