লালমনিরহাটে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে বাবাকে কুপিয়ে জখম আটক ২

লালমনিরহাটে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদে বাবাকে কুপিয়ে জখম আটক ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। আটককৃত দু’জন হলো- উপজেলার জগৎবেড় ইউনিয়নের শুকুরেরটারী এলাকার সুমন মিয়া ও তার বাবা সামিউল ইসলাম।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফিরছিল। এসময় ওই ইউনিয়নের শুকুরেরটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাওন মিয়া, সফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন ও সামিউল ইসলামের ছেলে সুমন মিয়া ওই ছাত্রীর পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সটকে পড়ে।

এ ঘটনা জানতে পেরে ছাত্রীর বাবা অভিযুক্তদের বাড়ি গিয়ে প্রতিবাদ জানান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ছাত্রীর বাবা ও তার প্রতিবেশীর ওপর হামলা চালায়। এতে ছাত্রীর বাবা গুরুতর আহত হন। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের আঙুল কেটে পড়ে যায়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ওই রাতেই ছাত্রীর চাচা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাটগ্রাম থানায় একটি মামলা করেন। মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়া ও সামিউল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক দু’জনকে এসংক্রান্ত দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আর কোন সহিংতার ঘটনা না ঘটে এজন্য আমাদের পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওই পুলিশ অফিসার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163745