শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত দৃষ্টিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত দৃষ্টিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

রংপুর জেলা প্রতিনিধি: দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় শুরুতে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এর নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বেরোবি সূত্রমতে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের অধীনে মোট ২২টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের ৬৪ জেলা থেকে আগত প্রায় আট হাজারের বেশি শিক্ষার্থী এখানে স্ন্নাতক ও স্ন্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি উত্তরবঙ্গে উচ্চ শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তুলতে এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, আবাসিক হল, ক্যাফেটেরিয়া, খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামোগত সুবিধা। পাশাপাশি সাংস্কৃতিক, সাহিত্যিক ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী বিকাশের সুযোগও তৈরি হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছয়জন উপাচার্য দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. শওকত আলী। তার নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি একটি আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

বাপা রংপুরের সদস্য প্রভাষক আহসান রবু জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অনেকেই ‘বৃক্ষের জাদুঘর’ বলে থাকেন। প্রায় ৭৫ একর আয়তনের এই ক্যাম্পাসে রয়েছে প্রায় চার হাজার প্রজাতির প্রায় ৩৬ হাজার ফলজ, বনজ, ঔষধি ও বিরল প্রজাতির গাছ।

কর্পূর, আগর, রুটিফল, উলটকম্বল, কইনার, সমুদ্রজবা, কুম্ভী, মহুয়া, নাগলিঙ্গম, পুত্রঞ্জীব, সিন্দুরী, সুন্দরী, হিজলসহ অসংখ্য বিরল বৃক্ষ এখানে একসাথে দেখা যায়। 
রংপুরের প্রবীণ ছড়াকার এস এম খলিল বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস রয়েছে। কমলা রঙের বাস হওয়ায় শিক্ষার্থীরা একে কমলা সুন্দরী বলে ডাকে।

এছাড়া ক্যাম্পাসে রয়েছে স্বাধীনতা স্মারক, অস্থায়ী শহীদ মিনার এবং শিক্ষার্থীদের আড্ডার জনপ্রিয় স্থান মিডিয়া চত্বর। মনোরম ও নিরিবিলি পরিবেশে ঘেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দর্শনার্থীরা একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয় জীবনের প্রাণচাঞ্চল্যও কাছ থেকে অনুভব করতে পারেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163609