বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে একটি দ্বিতল ভবনের খোলা তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাকিল আহম্মেদ (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শাকিল উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের মৃত সাকু প্রামানিকের ছেলে। আজ শুক্রবার (৩ এপ্রিল) ৯ টার দিকে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাকিল আহম্মেদ সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। বাবা মারা যাওয়ার পর তাকে সংসারের হাল ধরতে হয়। ফলে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই তাকে ছাত্রজীবনের ইতি টানতে হয়। শুরু করে রাজমিস্ত্রীর কাজ। বর্তমানে তার ৭ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে শাকিল তার ৪ জন সহকর্মী নিয়ে পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় জালালের একটি দ্বিতল ভবনে কাজ করতে যায়। কাজ করার সময় অসাবধানে একটি রড খোলা বিদ্যুৎ তারের সাথে লেগে যায়। সাথে সাথে শাকিল দ্বিতল ভবনের নীচে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০ টার দিকে সে মারা যায়। গতকাল বিকেল ৫ টার পর তাকে তার নিজ বাসভবনের পাশে দাফন করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163593