চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ, কর্মবিরতি

চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ, কর্মবিরতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা-বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন বাগানের শ্রমিকরা।

মারা যাওয়া রিয়া বেগম (২২) দেওড়াছড়া চা-বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। গতকাল বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে বাগান ব্যবস্থাপকের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল রিয়ার পরিবার। কিন্তু কর্তৃপক্ষের থেকে কোনো সহযোগিতা করা হয়নি। এতে চিকিৎসাধীন অবস্থায় রিয়া বেগম মারা যান। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন অব্যাহত রাখবেন।

অভিযোগের বিষয়ে জানতে দেওড়াছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163514