ফরিদপুরে স্ট্রোকে আক্রান্ত নারীর বিষপানে মৃত্যু

ফরিদপুরে স্ট্রোকে আক্রান্ত নারীর বিষপানে মৃত্যু

ফরিদপুরে স্ট্রোকে আক্রান্ত ফাতেমা বেগম (৬০) নামে এক গৃহবধূ ওষুধ ভেবে বিষপান করেন। পরে তার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বুধবার সকালে ওষুধ ভেবে ভুলবশত ঘাস মারার বিষ পান করে তিনি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফাতেমা বেগম ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের বাসিন্দা।

মৃতের স্বামী মো. আলেফ শেখ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ভুল করে ওষুধ মনে করে তিনি ঘাস মারা বিষপান করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে নিজ বসতঘরে বোতলে ওষুধ ভেবে ভুলবশত ঘাস মারা বিষপান করেন ফাতেমা বেগম। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। এ বিষয়ে কোতোয়ালি থানা কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163503