রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হয়নি: শনিবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হয়নি: শনিবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে সংগঠনের অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেন, সম্প্রতি কিছু মাধ্যমে দোকান বন্ধ সংক্রান্ত একটি সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছে, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি জানিয়েছে, রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে আগামী শনিবার মন্ত্রণালয়ের বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সকালে যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তার সঙ্গে সমিতির কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

হেলাল উদ্দিন আরও জানান, আগামী ৪ এপ্রিল দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরাও এতে অংশ নিতে ঢাকায় আসছেন। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে জ্বালানি সাশ্রয় বিষয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বর্তমানে সব দেশেই অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অবদান রাখতে পারে, সে বিষয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার তথ্য প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ও স্বাক্ষর উল্লেখ ছিল। তবে ওই তথ্যের সঙ্গে সংগঠনের আনুষ্ঠানিক অবস্থানের মিল নেই বলে দাবি করেছেন সভাপতি।

মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, বিভ্রান্তি এড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের যাচাই করে তথ্য প্রকাশ করা প্রয়োজন, যাতে ব্যবসায়ীদের মধ্যে ভুল ধারণা তৈরি না হয়।

এদিকে আগামী শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ তারিখ, দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর বিজয় হলে (১৫ তলা, বিদ্যুৎ ভবন, ১ নং নবাব আব্দুল গণি রোড, ঢাকা) এই সভা অনুষ্ঠিত হবে। 

এতে সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।
সভায় উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি; এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163497