জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু বাংলাদেশের

জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে এশিয়ান গেমসে বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে আজ চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছেন আমিরুল-রাব্বিরা। আগামীকাল প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচে ‎প্রথম কোয়ার্টারে লড়াইটা হয়েছে সমানে সমান। যদিও শুরুতে গোল হজম করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন লি চি-শুয়ান। সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ১-১ সমতা নিয়ে প্রথম কোয়ার্টার শেষ হয়।

দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই আক্রমণ করে বাংলাদেশ। সাফল্যও ধরা দেয় দ্রুত। ২২ মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। বাংলাদেশও ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই আবার জমে ওঠে। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করার পর ২ গোল হজম করে বাংলাদেশ। ‎চায়নিজ তাইপের বিপক্ষে আগের তিন সাক্ষাৎতেও জয় পায় বাংলাদেশ। গত বছর ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে হারান আশরাফুল-রাকিবুলরা। আগের দুই ম্যাচের একটিতে বাংলাদেশ জেতে ৪-২ গোলে, আরেক ম্যাচে জয়ের ব্যবধান ছিল ১১-৩।

বাছাইয়ে‎ ‎৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতা শেষ হবে ১০ এপ্রিল। এ বছরের সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163426