বগুড়ার কাহালুতে ট্রাকের সাথে অটোভ্যানের সংঘর্ষে নিহত ১

বগুড়ার কাহালুতে ট্রাকের সাথে অটোভ্যানের সংঘর্ষে নিহত ১

কাহালু  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের সাথে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তার সাথে থাকা মিস্ত্রি মো: মোস্তফা (৪০) গুরুতার আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত পৌনে ৮টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজলার মুরইল ইউনিয়নের যাত্রাশুল জামে মসজিদের পাশে। নিহত রাজমিস্ত্রি সুমন হোসেন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই কর্ণিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং আহত মোস্তফা একই উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন রাজমিস্ত্রি সুমন হোসেন ও মোস্তফা বগুড়া শহরে কাজ শেষে ব্যাটারিচালিত একটি রিকশাভ্যানে ফেরার পথে রাত পৌনে ৮টায় উল্লেখিত স্থানে নওগাঁ থেকে আসা বগুড়াগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট-২৪-১১০৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জন সড়কের ওপর ছিট্কে পড়ে। এসময় সুমন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মোস্তফা গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। দুর্ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সুমনের মরদেহ উদ্ধার এবং মোস্তফাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে এসে সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এসআই রুবেল প্রামানিক জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি থানায় জব্দ করে রাখা হয়েছে এবং নিহত সুমনের ভাই শামীম কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনের একটি মামালা দায়ের করেছেন।  

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163417