মালয়েশিয়া পাচারের সময় নারীসহ ১৩ বন্দি উদ্ধার

মালয়েশিয়া পাচারের সময় নারীসহ ১৩ বন্দি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী এবং পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে ১৩ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন বাংলাদেশি পুরুষ, চারজন রোহিঙ্গা পুরুষ এবং তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কিছু মানুষকে জোরপূর্বক আটকে রেখেছিল। যাদেরকে সাগরপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

তিনি আরও জানান, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করে পলাতক আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে

এ ঘটনায় জড়িত পলাতক আসামিরা হলেন, সাইফুল (৩৮), কামাল (৪৬), ফাইসাল (২৭), জাফর (৩৬) ও সাইফুল ইসলাম (২৪)।

এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে ওই মামলায় আসামি করা হয়েছে। মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163372