আলোচনায় তটিনী
বিনোদন ডেস্ক : ঈদে এবার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি যার নাটক ও অভিনয় নজর কেড়েছে তিনি হলেন তানজিম সাইয়ারা তটিনী। ঈদের আলোচিত নাটক ‘ফ্যামিলিম্যান’, ‘আপনজন’, ‘প্রিয় নামে ডেকো’, ‘জানি দেখা হবে’, ‘তোমাকে চাই’, ‘তুমি যখন এলে’, ‘মন ফড়িং’, ‘বেশি বলে বুলবুুলি’ নাটকগুলোতে অভিনয়ের আলো ছড়িয়েছেন এ অভিনেত্রী।
অবশ্য গত দুই বছর ধরেই বিভিন্ন উৎসবে তটিনী অভিনীত নাটকগুলো বেশ সাড়া ফেলে আসছে। এবারো তার ব্যতিক্রম হয়নি। এ নাটকগুলোর একেকটিতে একেক রকম চরিত্রে পাওয়া গেছে এ অভিনেত্রীকে, তাই একঘেয়েমিও তেমন একটা লাগেনি দর্শকদের।
এদিকে ঈদের নাটক প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, দর্শকদের ভালোবাসাই আমার কাজের প্রধান উৎসাহ। তাদের ভালোবাসা ছাড়া আমি মূল্যহীন। এবারো তাদের অবিরাম সমর্থন, উৎসাহ পাচ্ছি। প্রতিদিনই ফোনে, মেসেজে বিভিন্ন নাটক ও আমার অভিনয়ের প্রশংসা করছেন। এটা আমার জন্য বড় পাওয়া।
এদিকে তটিনী ঈদের আগেই নতুন মিশনে উড়াল দিয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়। তবে ঘুরতে নয়, শুটিং করতেই সেখানে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন অভিনেতা খায়রুল বাশার ও নির্মাতা রুবেল হাসান। সেখানে একাধিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তটিনী। শুটিংয়ের পাশাপাশি সেখানকার বিভিন্ন স্থানের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন তটিনী। দ্রুতই শুটিং শেষে তিনি দেশে ফিরে কাজে ব্যস্ত হবেন বলে জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163364