নারায়ণগঞ্জে বিএনপি-ছাত্রদলের অফিসে ভাঙচুর, আহত ৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকার বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন আহতের খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১ এপ্রিল) উপজেলার আলতাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্থানীয় বিএনপি নেতা লুৎফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভুঁইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভুঁইয়া (৫৭) ও জাকারিয়া ভুঁইয়া (৪৩)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আতলাশপুর এলাকার বিএনপি নেতা মোস্তফা ভুঁইয়ার জমি ভাড়া নিয়ে ‘প্রাণ আরএফএল কোম্পানি’ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিছুদিন ধরে স্থানীয় দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে আসছিলো। এ ঘটনায় বিএনপি নেতা ও জমির মালিক মোস্তফা ভুঁইয়া প্রতিবাদ করেন। এর জেরে বুধবার ২০ থেকে ২৫ সদস্যের একদল যুবক রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক, লাঠিসোঁটায় নিয়ে মোস্তফা ভুঁইয়ার পরিচালিত বিএনপি ও ছাত্রদলের কার্যালয়ে হামলা চালায়।
এসময় হামলাকারীরা বিএনপির কার্যালয়ে রাখা নারাণয়গঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর ছবি ভাঙচুর করে। এক পর্যায়ে স্থানীয়রা ঘটনাস্থল ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভুঁইয়া বাদী হয়ে আট জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আতলাশপুর এলাকায় বিএনপি ও ছাত্রদলের অফিসে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।