হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

হাসপাতালে দালাল ও ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না: এমপি মানিক

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে দালাল ও কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবেন না। আর হাসপাতালের রুটিন দায়িত্বপালনকালে বাইরে রোগী না দেখতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১ এপ্রল) বেলা ১১টায় ২৫০ শয্যাবিশিষ্টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি।

শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেখতে চাই না।

গণমাধ্যমে যারা কাজ করেন, তাদের প্রতি অনুরোধ দালালদের দেখলে ছবি তুলে পুলিশের কাছে দেবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাকেও জানাতে পারবেন।

সংসদ সদস্য আরো বলেন, চাঁদপুর শহরে ৭ থেকে ৮ লাখ লোকের বসবাস। হাসপাতালে যে পরিমাণ চিকিৎসক ও জনবল রয়েছে, তাতে সেবা দিতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়।

শেখ ফরিদ আহমেদ চাঁদপুরের সিভিল সার্জনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সাধারণ রোগীদের জন্য ৩০ ভাগ ছাড়ে পরীক্ষা করার সুযোগ খুবই ভালো উদ্যোগ। এই ধারাবাহিকতা চালু রাখতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।

একই সঙ্গে চিকিৎসকদের কাছে অনুরোধ করে এমপি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। অফিস সময়ে বাইরের কোনো চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. নুর আলম দীন। চিকিৎসক কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন। হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম শাহিন, কমিটির সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163327