ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর বিষপানের ঘটনায় যুবক গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে ‘ধর্ষণের শিকার’ স্কুলছাত্রীর (১৩) লজ্জায় বিষপানে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১৪।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর অধিনায়ক মো. নযমুল হাসান।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার ফুলপুর থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মিয়া ওই কিশোরীর প্রতিবেশী।
অধিনায়ক মো. নয়মুল হাসান জানান, শিশুটি তার বাবা, মা এবং দাদির সঙ্গে ফুলপুর থানাধীন নিজ বাড়িতে বসবাস করতো। গত রোববার (২৯ মার্চ) রাত ৮টায় শিশুটি নিজ বাড়ি থেকে বাহিরে যায় এবং ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার বিষয়ে তার দাদির জিজ্ঞাসাবাদে কিশোরী জানায় ‘রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই মুখ কাউকে দেখাবোনা’। এসময় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পরদিন সোমবার (৩০ মার্চ) ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু মারা যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163325