যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিকটন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিকটন গম

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মেট্রিকটন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।আজ বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-০৩ এর অধীনে আমেরিকা থেকে ৬১ হাজার মেট্রিকটন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে এবং দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহাজে রক্ষিত ৬১ হাজার মেট্রিকটন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিকটন গম চট্টগ্রামে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিকটন মোংলা বন্দরে খালাস করা হবে।

বাংলাদেশ এরই মধ্যে সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জিটুজি-০১ এবং জিটুজি-০২ চুক্তির আওতায় আমদানি করা সব গম দেশে পৌঁছেছে। এর আগে জিটুজি-০৩ চুক্তির আওতায় প্রথম শিপমেন্টের মাধ্যমে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিকটন এবং দ্বিতীয় শিপমেন্টের মাধ্যমে ৬২ হাজার ১৫০ মেট্রিক টনগম দেশে পৌঁছেছে।

দেশে মোট গমের চাহিদা কমবেশি ৭০ লাখ মেট্রিকটন। দেশে উৎপাদন হয় কম বেশি ১০ লাখ মেট্রিকটন। চাহিদা পূরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিদেশ থেকে আমদানি করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163259