নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ইসলাম মাসুদ

নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ইসলাম মাসুদ

নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের নাম করে জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, নির্বাচনে ৫১% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে, আর ৭০% জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এই ৫১%-কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে বিগত ১৭ বছরের মত উন্নয়নের কথা বলে পুনরায় মূল জায়গা থেকে জনগণকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে কিনা— এমন প্রশ্নও রেখেছেন তিনি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে মূলতবি প্রস্তাবের ওপর আলোচনাকালে শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন। এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধানের সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মূলতবি প্রস্তাব উত্থাপন করেন।

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরতে একটি গল্প দিয়ে বক্তব্য শুরু করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। বলেন, একবার রাজা তার উজিরকে কিছু কাজ দিলেন। উজির বলেছিল, আমাকে যে কাজগুলো বলেন, কোনটা কখন গুরুত্বপূর্ণ, একটা তালিকা করে দিলে ভাল হয়। তালিকা করে দেওয়া হয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরু করেছিল। হঠাৎ করে রাজার মনে হল সে শিকারে যাবে। ঘোড়ায় উঠতে গিয়ে রেকাবে তার পা আটকে গিয়েছিল। সেটা ছোটাতে পারছিল না। তখন সে উজিরকে বারবার ডাকছিল আমার পা টা এখান থেকে বের করে দাও। কিন্তু পাটা বের করতে যাচ্ছিল না উজির। কারণ উজির বারবার খুঁজছিল যে পা আটকে গেলে বের করে দেওয়ার কোনো বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা ওখান থেকে বের করা যায়নি বলে আমরা গল্পে জেনেছি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঠিক আজকের সংসদকে এরকম একটা গল্পের মত মনে হয়। আমরা যখন দেখেছি, বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকেই ভুলিয়ে দেওয়া হয়েছিল, বিগত দেড় বছর আমরা লক্ষ্য করলাম— আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন করে করে বিচার এবং সংস্কারটা ভুলিয়ে দিয়েছিলাম। এখন আমরা দেখলাম আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকে ভুলিয়ে দিতে বসেছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/163201