সংবিধান কি মনে করিয়ে দেয়—এটা একাত্তরের পরাজয়ের দলিল?
যারা বিদ্যমান সংবিধান ছুড়ে ফেলতে চান তাদের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘সংবিধান কি মনে করিয়ে দেয়—এটা একাত্তরের পরাজয়ের দলিল?’
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই প্রশ্ন করেন তিনি।
পার্থ বলেন, ‘সংবিধানকে ছুড়ে ফেলবো কেন। সংবিধান কী মনে করিয়ে দেয়- এটা একাত্তরের পরাজয়ের দলিল? সংবিধান নিয়ে এতো গাত্রদাহ কেন?’
সংবিধানের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একইসঙ্গে জুলাইয়ের স্পিরিট ধারণ করার পথও বের করতে হবে। দুই বিষয়ে ব্যালেন্স করতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে পার্থ বলেন, ‘এনসিপি আপনারা জেনজিকে রিপ্রেজেন্ট করেন। জামায়াত জেনারেশন হয়ে যেয়েন না।’
তিনি বলেন, ‘কেন যেন প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। জুলাই সনদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা প্রক্রিয়া নিয়ে। আপনারা ছয়জনে যদি ১২ রান করে থাকেন, তবে আমরা তার আগেই ৩০০ রান করেছি। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আপনারা জুলাইর পুরো কৃতিত্ব নিজেদের দাবি করেছেন।’
বিরোধী দলকে বিজেপির চেয়ারম্যান প্রশ্ন করেন, ‘আপনারা সেসময় বিপ্লবী সরকার করলেন না কেন? নতুন করেই সংবিধান বানাতেন। পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধানটাকেই বাতিল করে দিতে চাচ্ছেন। এটা আসলে হয় না। অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন করল। এর ভিত্তি কী। আপনারা তখন সংবিধান রিরাইট করলেন না কেন?’